বাঘারপাড়ায় ট্যাক্সিচালক রিপনের খুনি যশোর শহরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক (গত রাতে অব্যাহতিপ্রাপ্ত) বরকতের ফাঁসির দাবিতে সোমবারও বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও করেছেন এলাকাবাসী। এদিন সকাল থেকেই উপজেলা সদরে কয়েক দফা মিছিল-সমাবেশ করেন তারা।
এ কর্মসূচিতে অংশ নেন মাইক্রো চালক সমিতির নেতাকর্মীসহ এলাকাবাসী। পুরুষের পাশাপাশি কয়েকশ’ নারী হত্যাকারীর ফাঁসির দাবিতে রাস্তায় নেমে আসেন। খুনের ঘটনায় মামলা করেছেন রিপনের বাবা মনিরুল ইসলাম।
খুনি বরকতকে সোমবার বিকেলে ১৬৪ ধারার জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা উপজেলা সদরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে অবস্থান নিলে যানবহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রিপন খুনের প্রতিবাদ জানান। কিছু সময় পর পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়। পরে তারা থানা ঘেরাও করে খুনির ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা থানা অভ্যন্তর থেকে বেরিয়ে আসেন। তবে আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় মহিরন হাজীবাড়ি এলাকায় বিক্ষুব্ধ জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়।
রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্যাক্সিচালক রিপন হোসেনকে ছুরি মেরে খুন করে বরকত নামে যশোরের এক সন্ত্রাসী। নিহত রিপন উপজেলা সদরের মহিরন এলাকার মনিরুল ইসলামের ছেলে। এঘটনায় রিপনের বাবা খুনি বরকত উল্লাহ খানের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করেছেন। বরকত যশোর সদরের মোল্যাপাড়া এলাকার বাসিন্দা।

No comments:
Post a Comment