অসাধারণ প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ট্রাম্প - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, November 7, 2024

অসাধারণ প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ট্রাম্প

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, ২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে। মঙ্গলবারের নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছেন, তাঁর বয়স এখন ৭৮ বছর। এর আগে, জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন। এবারের নির্বাচনে তিনি ৬০ বছর বয়সী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। এর আগে, ২০১৬ সালে তিনি হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন।


ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটে ট্রাম্প জয়ী হয়েছেন। সর্বশেষ উইসকনসিনে জয় পেয়ে ট্রাম্প ২৭০ ইলেকটোরাল ভোটের প্রয়োজনীয় সীমা ছাড়িয়ে যান।


ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে ট্রাম্প বলেন, "আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটি আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।" এসময় তিনি আমেরিকার জন্য স্বর্ণযুগ আসবে বলেও মন্তব্য করেন। মঞ্চে তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং রানিং মেট জে ডি ভান্স।


এবারের নির্বাচনে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। এডিসন রিসার্চের বুথফেরত জরিপ অনুযায়ী, অর্থনীতি শীর্ষ ইস্যু হিসেবে উঠে আসে এবং মূল্যস্ফীতি নিয়ে ভুক্তভোগী ভোটাররা ব্যাপকভাবে ট্রাম্পকে সমর্থন জানান। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল বিশেষভাবে লক্ষণীয়।


ট্রাম্পের জয়ের ঘোষণা আসার পরই বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোসহ আরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও খবর

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages