![]() |
| যশোরে তরিকুল ইসলামের স্মরণ সভায় তারেক রহমান |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পালানোর পর দেশ বর্তমানে রাজনৈতিক ক্রান্তিকালে রয়েছে। তিনি বলেন, স্বৈরাচারের মূল নেতা পালিয়েছে, কিন্তু তার অনুগামীরা সমাজ ও প্রশাসনের বিভিন্ন স্তরে থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
দেশের এই রাজনৈতিক সংকটময় সময়ে তরিকুল ইসলামের মতো অভিজ্ঞ রাজনীতিকের অভাব অনুভব করছি। তার মতো নেতার পরামর্শ পেলে দেশ ও দলের জন্য আরও ইতিবাচক পরিবর্তন আনা যেত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল মাঠে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যশোর জেলার প্রতিটি উপজেলা থেকে আসা হাজারো নেতা-কর্মীর ভিড়ে স্মরণসভাটি বিশাল সমাবেশে রূপ নেয়। বিকেল তিনটায় অনুষ্ঠান শুরুর আগে থেকেই টাউন হল মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং জনতার স্রোত আশপাশের রাস্তাগুলোতেও ছড়িয়ে পড়ে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইউব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী এবং জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।
এছাড়া মরহুম তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিত, সহধর্মিণী অধ্যাপক নার্গিস ইসলাম বেগমসহ যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন, অনেকে সংবিধান সংস্কারের কথা বলছেন। তবে কেবল কয়েকটি লাইনের পরিবর্তনই কি সত্যিকারের সংস্কার? তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এমন সংস্কার বুঝি, যা মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবে, বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করবে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করবে, নিরাপত্তা নিশ্চিত করবে, শিক্ষার উন্নয়ন ঘটাবে এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা সহজলভ্য করবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য সংস্কারের প্রয়োজনীয়তার কথা সবসময় বিএনপিই বলে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া "ভিশন ২০৩০" নামে সংস্কারের একটি পরিকল্পনা দিয়েছেন। ২০২৩ সালে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে থাকা সব দলকে একত্রিত করেছে।
তারেক রহমান বলেন, সংবিধানের কিছু পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই প্রয়োজন। বিএনপি মরহুম তরিকুল ইসলামের প্রেরণায় ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে এসব প্রয়োজনীয় সংস্কারের বিষয় তুলে ধরতে চেয়েছে, যা দেশের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

No comments:
Post a Comment