ঝিনাইদহে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার অভিযোগ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 15, 2022

ঝিনাইদহে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার অভিযোগ

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঝিনাইদহ পিবিআই’র একটি গাড়ি শিক্ষার্থীদের ওপর চালিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে ফাহিম ও তমাল নামে দুই শিক্ষার্থী আহত হন। ঘটনার পর গাড়িতে হামলা করলে গাড়িটি পিছিয়ে নিয়ে যান চালক।

কলেজের ছাত্র সংসদের ভিপি সাইদুজ্জামান মুরাদ জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তাই বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি বাতিল করে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। সকাল ১০ টার দিকে তারা কর্মসূচি শুরু করেন। ১০ টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ পিবিআই’র একটি গাড়ি দ্রুত গতিতে তাদের ওপর চালিয়ে দেয়া হয়। এসময় শিক্ষার্থীরা সরে গেলেও এতে ৬ষ্ট সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম ও তমাল আহত হন।

সাবেক জিএস সজিবুল হাসান বলেন, আমাদের ওপর পরিকল্পিতভাবে গাড়ি তুলে দেয়া হয়েছে। এতে আমাদের দুইজন আহত হয়েছেন। আমরা ওই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদিকে ২ ঘন্টা অবরোধ চলার পর ঝিনাইহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্র নাথ রায়ের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনার একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আগামী তিনদিনের মধ্যে দৃশ্যমান কোন কার্যক্রম দেখা না দিলে পুনরায় আন্দোলনের ঘোষণা দেবেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর গাড়ি চালানোর বিষয়ে ঝিনাইদহ পিবিআই’র পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান বলেন, আমাদের একটি টিম একটি মামলার তদন্তে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যাচ্ছিল। পথে সেখানে গেলে শিক্ষার্থীরা তাদের ওপর চড়াও হয়। শিক্ষার্থীরা গাড়ির একটি কাচ ভেঙ্গে ফেলেছে। আমরা এই ঘটনায় থানায় অভিযোগ দেব। তদন্ত করে যে দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গাড়ি চালিয়ে দেয়ার বিষয়ে তিনি বলেন, আমরা পুলিশকে বলেছি যদি এ বিষয়ে আমাদের কারও কোন অবহেলা থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages