করোনার ধাক্কায় তছনছ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড, বাজেট প্রত্যাখ্যান বিএনপির - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, July 2, 2020

করোনার ধাক্কায় তছনছ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড, বাজেট প্রত্যাখ্যান বিএনপির

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) ধাক্কায় তছনছ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড। সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১১ মাসে (জুলাই-মে) বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৭ শতাংশ। 

 তবে, ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাস্তবায়ন হার এখনও ৫০ শতাংশের নিচেই রয়েছে। গত চার বছরের মধ্যে এবারই সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমকে বলেছেন, ‘করোনার কারণে গত কয়েকমাস উন্নয়ন প্রকল্পগুলোতে ঠিক মতো কাজ হয়নি। 

ফলে স্বাভাবিক কারণেই সংশোধিত এডিপি বাস্তবায়নের হার কম হবে। তবে জুন মাসেও কিছু কাজ হয়েছে এবং আগে সম্পন্ন কিছু কাজের বিল পরিশোধ বাকি রয়েছে। এই বিলগুলো দেওয়া হলে এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়বে। বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি ওদিকে, জাতীয় সংসদে পাস হওয়া ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখান করেছেন বিএনপির সংসদ সদস্যরা। 
আজ (বুধবার) জাতীয় সংসদ ভবন থেকে দূরে মূল গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে বাজেটের বই ছিঁড়ে তারা তাদের প্রতিক্রিয়া জানান। এসময় বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, করোনা মহামারির মধ্যে গতকাল বাজেট পাস হয়েছে জনগণকে ফাঁকি দেওয়ার জন্য। 
আমরা যাতে সংসদে এই বাজেট নিয়ে কথা বলতে না পারি, সমালোচনা করতে না পারি, সে কারণে মাত্র একদিনের জন্য সাধারণ বাজেট আলোচনা করা হয়। 

পৃথিবীর ইতিহাসে এমন আলোচনাবিহীন বাজেট কখনো পাস হয়নি। জনগণের পক্ষ থেকে আজকে এই মহান সংসদের সামনে দাঁড়িয়ে আমরা এই বাজেট প্রত্যাখান করছি।’ লিখিত বক্তব্যে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘এই বাজেট করোনার সময় স্বাস্থ্য সংকটেপড়া মানুষের নাভিশ্বাস আরও বাড়িয়ে দেবার বাজেট, এই বাজেট করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কোটি কোটি অনাহারী মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেয়ার বাজেট, এই বাজেট কৃষিকে ধ্বংস করে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে ফেলার বাজেট, এই বাজেট দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার না করে আরও গভীর মন্দায় ফেলে দেওয়ার বাজেট, এই বাজেট দেশের সামষ্টিক অর্থনীতি পুরোপুরি ভেঙে ফেলার বাজেট। এই বাজেট আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’ 

তথ্যসূত্রঃ পার্সটুডে

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages