প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সম্পর্কে সঠিকভাবে নির্দেশনা অনুসরণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার দেশকে এই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষ, ২০২০ উদ্যাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখানে হয়তো মৃতের সংখ্যা তেমন না, কিন্তু আতঙ্ক অনেক বেশি। কাজেই এই প্রাণঘাতী ভাইরাস থেকে দেশকে মুক্ত রাখতে এই সংক্রান্ত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে হবে। ১১৪টির বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য সরকার সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে বলব, সচেতন থাকা দরকার। আমরা সব সময় বুলেটিন দিয়ে যাচ্ছি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে সব সময় জানানো হচ্ছে, সেগুলো অনুসরণ করবেন। নিজেরা সচেতন থাকব, অপরকে সচেতন করব।’ তিনি বলেন, ‘এই সচেতনতামূলক যে সমস্ত নির্দেশনা আসছে, সেটা সবাইকে মেনে চলতে হবে। তাহলেই আমরা কিন্তু আমাদের দেশকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারব।’
করোনাভাইরাস বিষয়ে কারও যদি কোনো উপসর্গ দেখা দেয়, সেটা লুকিয়ে না রেখে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘যদি কেউ কখনো মনে করেন যে কেউ এ ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা তার কোনোরকম নমুনা দেখা দিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে।’


No comments:
Post a Comment