![]() |
| পরিবহন শ্রমিকদের ধর্মঘট থেকে সেনাবহিনীর গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ |
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এই ধর্মঘট শুরু হয়। বেনাপোল বাস টার্মিনাল ব্যবহার করার জন্য প্রশাসনের নির্দেশের প্রতিবাদে এই ধর্মঘট আয়োজন করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। তবে শ্রমিকদের দাবি, হঠাৎ করে টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ বাস্তবায়ন করা সম্ভব নয়। এ কারণে তাঁরা চাঁচড়া মোড়ে গাড়ি আড় করে যান চলাচল বন্ধ করে দেন।
সেনাবাহিনীর একটি গাড়ি এ পথে যাওয়ার সময় শ্রমিকদের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং তখন শ্রমিকদের কেউ গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এই ঘটনার পরপরই সেনাবাহিনী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ চারজনকে আটক করে।
সন্ধ্যায় জেলা প্রশাসকের সভাপতিত্বে কালেক্টরেট সভাকক্ষে শ্রমিক নেতাদের সাথে আলোচনা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম পরিবহন শ্রমিকদেরকে বেনাপোল টার্মিনাল ব্যবহারের নির্দেশ পুনর্ব্যক্ত করেন এবং যানজট নিরসনের তাগিদ দেন। সভায় সিদ্ধান্ত হয়, ইজিবাইক এবং থ্রী হুইলারের হাইওয়েতে যাত্রী পরিবহন বন্ধ রাখতে প্রশাসনের সহায়তায় কাজ করা হবে।
মতবিনিময় সভার পর সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে শ্রমিক নেতাদের আলোচনা হয়, যেখানে সেনাবাহিনী জানিয়েছে যে ইট-পাটকেল নিক্ষেপের দায়ে অভিযুক্তদের সোপর্দ করা হলে আটক নেতাদের ছেড়ে দেওয়া হবে। তবে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ কী সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো জানা যায়নি।
এখনও পর্যন্ত শ্রমিক ইউনিয়নের নেতারা সেনা ক্যাম্পের সামনে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

No comments:
Post a Comment