যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শান্তি ও স্বস্তির কেশবপুর গড়তে আগামি ১৪ জুলাই নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকা প্রতীক বিজয়ী হলে কেশবপুরে কোন সন্ত্রাসী বাহিনী থাকবে না। মানুষ রাতে ঘরের দরজা খুলে যাতে ঘুমাতে পারে এমন কেশবপুর উপহার দেওয়া হবে।
উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বরণডালী মাদ্রাসা মোড়ে ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বরের পথসভায় ইউনিয়ন আহ্বায়ক আব্দুল আলিম বাবুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন মাইকেল মধুসূদন দত্ত, মনোজ বসু, ধীরাজ ভট্টাচার্য, মানকুমারী বসুর কেশবপুরে কোন সন্ত্রাসী বাহিনী থাকতে পারে না। হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার, ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত করে তুলতে হবে। কেশবপুরে মাদকসেবীদের কোন আস্তানা থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের উন্নয়নসহ সকল ধরনের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে। সকল বাধা বিপত্তি উপক্ষে করে মাননীয় প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছেন, তখন কেশবপুরের সকল অসমাপ্ত কাজও প্রধানমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

No comments:
Post a Comment